গফরগাঁওয়ে কুদরত-ই-খুদা সায়েন্স ক্যাম্প অনুষ্ঠিত
সপ্তমবারের মত বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতি (এসপিএসবি) এর উদ্যোগে অনুষ্ঠিত হতে যাচ্ছে শিশু-কিশোর বিজ্ঞান কংগ্রেস-২০২০। কংগ্রেসের প্রস্তুতির অংশ হিসেবে ২২ ও ২৩ ফেব্রুয়ারি ময়মনসিংহ জেলার, গফরগাঁও উপজেলায়, মশাখালী বহুমূখী উচ্চ বিদ্যালয়ে দুই দিন ব্যাপি ‘কুদরত-ই-খুদা সায়েন্স ক্যাম্প’ অনুষ্ঠিত হয়েছে। এই ক্যাম্পে ৩ টি বিদ্যালয়ের মোট ৫৩ জন শিক্ষার্থী হাতে কলমে বিজ্ঞান গবেষণা শেখার সুযোগ পায়।
ক্যাম্প এর প্রথমদিন শিক্ষার্থীদের বিজ্ঞান গবেষণা ও বৈজ্ঞানিক কার্যপদ্ধতি, গ্রাফ, মাপজোখ সম্পর্কে ধারণা দেয়া এবং বিভিন্ন মজার মজার সায়েন্টিফিক এক্সপেরিমেন্ট দেখানো হয়।
ক্যাম্পের ২য় দিনে শিক্ষার্থীদের ৫ টি দলে বিভক্ত করে কিভাবে বৈজ্ঞানিক পদ্ধতি অবলম্বনে গবেষণা করে এবং সেই বিষোয়টি নিয়ে পোস্টার তৈরি করা ও উপস্থাপণ করা যায় তা হাতে কলমে শেখানো হয়। ৫ টি দলই আলাদা আলাদা ভাবে তাদের গবেষণার বিষয়টি ঠিক করে নেয় এবং এরপর তারা গবেষণায় যুক্ত হয়ে যায়। প্রতিটি দলের সকল সদস্য সক্রিয়ভাবে গবেষণা করে তাদের নিজস্ব বৈজ্ঞানিক পোস্টার তৈরি করে।
ক্যাম্পে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা প্রথমবারের মতো বৈজ্ঞানিক কার্যপদ্ধতি প্রয়োগ করে এক্সপেরিমেন্ট করা এবং অনুকল্প পরীক্ষা করে দেখার চেষ্টা চালিয়েছে এই পোস্টারগুলোতে। শিক্ষার্থীদের মাঝ থেকে বিভিন্ন চমকপ্রদ অনুকল্প উঠে আসে বিষয়গুলি নিয়ে গবেষণার সময়। দুপুর ২টা থেকে শিক্ষার্থীরা তাদের বানানো পোস্টার সবার সামনে উপস্থাপন করে।